যুক্তরাষ্ট্রে ১০ পরমাণু বিজ্ঞানী রহস্যজনকভাবে নিখোঁজ
যুক্তরাষ্ট্রে অন্তত ১০ জন পারমাণবিক ও মহাকাশ বিজ্ঞানীর রহস্যজনকভাবে নিখোঁজ বা মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে হোয়াইট হাউস। নিখোঁজ বা মৃত ব্যক্তিদের অনেকেই পারমাণবিক ও মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
গত ১৫ এপ্রিল এক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট। তিনি জানান, এখনও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কথা না বললেও আনুষ্ঠানিক তদন্তের জন্য ধরণটি যথেষ্ট গুরুতর ছিল।
নিখোঁজদের মধ্যে রয়েছেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) ম্যাটেরিয়ালস প্রসেসিং ডিভিশনের পরিচালক ও জ্যেষ্ঠ অ্যারোস্পেস প্রকৌশলী মনিকা জাসিন্টো রেজা। তিনি ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় ট্রেকিংয়ের সময় নিখোঁজ হন।
একই বছরের মে মাসে লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ এবং ২৮ আগস্ট কানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসের ঠিকাদার স্টিভেন গার্সিয়া নিখোঁজ হন। এ ছাড়াও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিখোঁজ হন মার্কিন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম ‘নীল’ ম্যাকক্যাসল্যান্ড, যিনি এয়ার ফোর্স রিসার্চ ল্যাবরেটরির সাবেক কমান্ডার ছিলেন।
এদিকে বিজ্ঞানীদের নিখোঁজ হওয়ার পাশাপাশি রহস্যজনক মৃত্যুও উদ্বেগ বাড়িয়েছে। নাসার জেপিএল বিজ্ঞানী ফ্রাঙ্ক মাইওয়াল্ড ২০২৪ সালে মারা যান, তবে তাঁর মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। একইভাবে ডার্ট প্রকল্প ও ডিপ স্পেস ১ মিশনের গবেষক মাইকেল ডেভিড হিকস ২০২৩ সালের জুলাইয়ে মারা গেলেও তাঁর মৃত্যুর কারণ এখনো অজানাই রয়ে গেছে।
হোয়াইট হাউস যখন নাসা ও পেন্টাগনকে পারমাণবিক শক্তিচালিত মহাকাশ রিয়্যাক্টর প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে, ঠিক সেই সময়েই এই রহস্যজনক ঘটনাগুলো ঘটছে।
এ ঘটনায় তদন্তকাজে এফবিআইকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কংগ্রেসম্যান এরিক বার্লেসন। তিনি বলেন, উন্নত গবেষণার সঙ্গে জড়িত এতজন ব্যক্তির নিখোঁজ বা মৃত্যুর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
সূত্র: বিবিসি, ফক্স নিউজ ও ডেইলি মেইল

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে