নির্বাচন করতে সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুলের পদত্যাগ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন মো. তারিকুল ইসলাম।
মঙ্গলবার (৫ মে) সকালে তিনি অ্যাটর্নি জেনারেলের কাছে তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ এবং নির্বাচনি প্রস্তুতির বিষয়টি উল্লেখ করেছেন।
মো. তারিকুল ইসলাম জানান, তিনি আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে ‘সহ-সম্পাদক’ পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনি বিধি ও সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখতেই তিনি সরকারি এই আইনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি মো. তারিকুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি স্বেচ্ছায় এই পদ থেকে পদত্যাগ করলাম।’
আবেদনে যথাযথ প্রক্রিয়ায় তার এই পদত্যাগপত্রটি দ্রুত গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ ও ১৪ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যাপক নির্বাচনি তৎপরতা শুরু হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে