ঢাকা মেডিকেলের চিকিৎসককে মারধর: গ্রেপ্তার ফারহান ৫ দিনের রিমান্ডে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে ভয়ভীতি, হুমকি, গুরুতর আঘাত ও চাঁদা দাবির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ফারহান শাহরিয়ার ওরফে ইভানকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২২ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলামের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিচালক রোকনুজ্জামান।
এর আগে ফারহানকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. আতিকুজ্জামান।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান গত দুই মাস ধরে পল্টন মডেল থানার শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন।
গত ১৭ আগস্ট রাত পৌনে ১১টার দিকে শান্তিনগর এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে পাকা রাস্তায় সিএনজিতে ওঠার সময় ফারহান শাহরিয়ার ওরফে ইভানসহ কয়েকজন তার সিএনজির পথরোধ করেন। পরে তারা জোর করে চিকিৎসককে সিএনজি থেকে নামিয়ে নেন।
এ সময় জীবন ওরফে আদিল নামে একজন চিকিৎসকের চোখে ঘুষি মারেন। পরে তার সঙ্গে থাকা অন্যরাও চিকিৎসককে মারধর করেন। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
মামলার তদন্ত কর্মকর্তা আরও জানান, এর কিছুদিন আগে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে ওই চিকিৎসকের ফোনে কল করে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করা হয়। ওই নম্বরের সূত্র ধরে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় গত ২১ আগস্ট ফারহান শাহরিয়ার ওরফে ইভানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইভান ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার বিস্তারিত এবং পলাতক আসামিদের বিষয়ে তথ্য জানতে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মতামত দিন