ককরোচ জনতা পার্টির আন্দোলনে মেয়ে, বিপাকে মন্ত্রী
ভারতের সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গুয়াহাটিতে আয়োজিত শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আলোচনায় এসেছেন আসামের মন্ত্রী কেশব মহান্তের মেয়ে দিবিসা মহান্ত। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলে মন্ত্রীকে লক্ষ্য করে সমালোচনার জবাব দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
সম্প্রতি গুয়াহাটির চ্যাচালে ভারী পুলিশ ও সিআরপিএফ মোতায়েনের মধ্যেই শিক্ষার্থীদের ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিয়ে দিবিসা মহান্ত মোদি সরকারের সমালোচনা করেন এবং পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের নিন্দা জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করেন।
দিবিসা মহান্তের বাবা কেশব মহান্ত বিজেপির মিত্রদল অসম গণ পরিষদের নেতা এবং আসাম সরকারের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। যুক্তরাজ্য থেকে দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা দিবিসার আন্দোলনে অংশগ্রহণ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
তবে বিষয়টি নিয়ে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, প্রাপ্তবয়স্ক সন্তানের কর্মকাণ্ডের দায় বাবা-মায়ের ওপর চাপানো ঠিক নয়।
তিনি বলেন, আমার সন্তান কী বলল, তার জবাব আমি কীভাবে দেব? আমার নিজের ভাই বা সন্তানও অনেক বিষয়ে আমার সঙ্গে একমত নয়। মেয়েটি মোদিজির বিরুদ্ধে কথা বলেছে, সেটা আমার ভালো লাগেনি। কিন্তু তাই বলে তার বাবা কেশব মহান্তকে হেনস্তা করা উচিত নয়।
এদিকে আন্দোলনের ঘটনায় ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা ক্ষুণ্ন করার ষড়যন্ত্রের অভিযোগে অন্তত ছয়জনকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ।
উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে আন্দোলনের মুখে পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপরই বিভিন্ন রাজ্যে শিক্ষা ব্যবস্থার অনিয়ম নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে।
মতামত দিন