আসামে বন্যায় মৃত বেড়ে ৪১, ক্ষতিগ্রস্ত ৭ লাখের বেশি মানুষ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের মৃত্যু হওয়ায় রাজ্যটিতে বন্যাজনিত মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৪১ জনে পৌঁছেছে। এছাড়া এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, ১১টি জেলার ৯৩৯টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর, জোরহাট, চরাইদেও, কার্বি আংলং ও ধেমাজি জেলা মানুষ। সর্বশেষ ১০ জনের মৃত্যু পাঁচটি জেলার বিভিন্ন এলাকায় হয়েছে। চলমান বন্যায় এ পর্যন্ত সাত লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার পানিতে অসংখ্য বাড়িঘর, সড়ক ও কৃষিজমি প্লাবিত হয়েছে, ফলে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, মেঘভাঙা বৃষ্টি এবং আকস্মিক বন্যা এমন অনেক জেলায় আঘাত হেনেছে, যেখানে অতীতে এ ধরনের দুর্যোগ বা ক্ষয়ক্ষতির নজির খুবই বিরল। তিনি বলেন, প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে এবং পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সব বিভাগকে মাঠপর্যায়ে সার্বক্ষণিক কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে এবং প্রয়োজন ছাড়া প্লাবিত এলাকায় চলাচল না করার আহ্বান জানানো হয়েছে। উদ্ধারকারী দলগুলো নৌকা ও অন্যান্য জরুরি সরঞ্জাম নিয়ে দুর্গত এলাকায় কাজ চালিয়ে যাচ্ছে।
মতামত দিন