Views Bangladesh Logo

শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

ঋণখেলাপি হওয়ার অভিযোগে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে তার নির্বাচনী ফলাফল প্রকাশ না করার নির্দেশ বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুন উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য এ দিন নির্ধারণ করেছিলেন।

আদালতে জামায়াত প্রার্থীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির ও আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী। অন্যদিকে আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মফিজ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

মামলার বিবরণে জানা যায়, ঋণখেলাপি হওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল শুনানির পর আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক হাইকোর্টে রিট আবেদন করলে তা খারিজ হয়ে যায়। পরে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে জামায়াত প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতার বিষয়ে লিভ টু আপিল মঞ্জুর করেন। ওই সময় আদালত তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত ও প্রকাশ না করার নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে তার ফলাফল আটকে ছিল। আজকের রায়ের মাধ্যমে তার এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ হয়ে গেল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ