Views Bangladesh Logo

অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান বলেছেন, নানা দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক চাপ থেকে দায়মুক্তি পেতে এবং নিজেকে সুরক্ষিত রাখতেই আসিফ মাহমুদ জামায়াত জোটে যোগ দিয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, আসিফ মাহমুদ যখন জামায়াতবিরোধী অবস্থানে ছিলেন, তখন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সত্য ছিল। সে সময় দুর্নীতির অভিযোগের কারণে ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধ সত্ত্বেও জামায়াতের আমির তাকে ঢাকা-১০ আসনে মনোনয়ন দেননি বলেও দাবি করেন তিনি।

রাশেদ খান বলেন, এখন আসিফ মাহমুদ জামায়াত জোটের রাজনীতি করছেন, তাই তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে ভিত্তিহীন বলা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে একজন ব্যক্তি অপরাধী নাকি নিরপরাধ, সেটি নির্ভর করছে তিনি জামায়াতের সঙ্গে আছেন কি না তার ওপর। জামায়াত করলে বা জামায়াতকে সমর্থন করলে একজন ব্যক্তির সব অপরাধ ধুয়েমুছে যায় এবং তিনি ‘পুরোদস্তুর ফেরেশতা’ হয়ে যান বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান দাবি করেন, অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই আসিফ মাহমুদ জামায়াত জোটে যোগ দিয়েছেন। তার ভাষায়, এখন আসিফ মাহমুদ পুরোপুরি নিষ্পাপ ও কলঙ্কমুক্ত। তবে ভবিষ্যতে এনসিপি জামায়াত জোট থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি আবার বদলে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি বলেন, নিজেকে ‘সেফ’ রাখতে আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে ‘সেফ এক্সিট’ নিয়েছেন। জামায়াত তাকে ঢাকা দক্ষিণে ছাড়বে না—এমন অবস্থানের পর তিনি উত্তরে গেছেন বলেও দাবি করেন রাশেদ খান।

পরবর্তীতে জামায়াত নেতা সেলিম উদ্দিনকে সমর্থন দিয়ে আসিফ মাহমুদ বসে পড়বেন বলেও মন্তব্য করেন তিনি। গণঅভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ মুখপাত্রকে দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে জামায়াতের সমর্থন নিতে হচ্ছে—এটি দুঃখজনক বলেও মন্তব্য করেন রাশেদ খান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ