রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্ন অবান্তর: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে বিতর্ক তোলা অবান্তর। তাঁর মতে, এ ধরনের বিষয় বর্তমান নির্বাচনের নয়, ভবিষ্যতে সংসদ চাইলে সংবিধান সংশোধনের মাধ্যমে বিবেচনা করতে পারে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। গয়েশ্বর জানান, ২০ আগস্ট অনুষ্ঠেয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ হওয়ায় দল এখন নির্বাচনের জন্য প্রস্তুত।
জামায়াত ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সংবিধান অনুযায়ীই নির্বাচন পরিচালিত হবে। যেসব বিধান পরিবর্তনের প্রয়োজন, সেগুলো সংসদের মাধ্যমেই সংশোধন করতে হবে; এখন বিভ্রান্তি সৃষ্টি করে কোনো লাভ নেই।
গয়েশ্বর আরও বলেন, দলের মহাসচিব পদ নিয়ে কোনো সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বিষয় নয়; সেটি বিএনপির নিজস্ব সাংগঠনিক সিদ্ধান্তের বিষয় এবং তা দলের স্থায়ী কমিটিই নির্ধারণ করবে।
এ সময় বিএনপির প্রতিনিধি দলে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মতামত দিন