লক্ষ্মীপুরে হোটেল দখলচেষ্টা: বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
লক্ষ্মীপুরে হোটেল দখলের চেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ আদেশ দেন।
এ বিষয়টি নিশ্চিত করে আদালতের মুহুরি মো. মাসুদ জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
পরোয়ানাভুক্ত প্রধান আসামি শাহরিয়ার ফয়সাল রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আফিল উদ্দিনের ছেলে এবং রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। অন্য আসামিরা হলেন— উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটোয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু, রাসেল এবং জেলা কৃষক দলের সদস্য জামাল হোসেন। আসামিরা সবাই বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রায়পুর বাজারের প্রধান সড়কে অবস্থিত ‘শাহী হোটেল’ দখলের চেষ্টা চালান আসামিরা। সে সময় তারা দোকানের মালিক হাবিব উল্ল্যাহকে বারবার ভয়ভীতিও দেখায়। এ ঘটনায় হাবিব উল্ল্যাহ বাদী হয়ে গত ৮ জুলাই রায়পুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফয়সালসহ ছয়জনের নাম উল্লেখ করে ভূমি অপরাধ প্রতিরোধ আইনে মামলা করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করলে সোমবার আদালত বাদী ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন। তিনি দাবি করেন, সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। প্রকৃতপক্ষে দোকান দখলের কোনো ঘটনাই ঘটেনি উল্লেখ করে তিনি জানান, শিগগিরই সংবাদ সম্মেলন ডেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জাতির সামনে তুলে ধরা হবে।
মতামত দিন