ইয়ামিন হত্যা মামলায় ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সাভারে জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলায় ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
রোববার (২৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন। রাষ্ট্রপক্ষের পক্ষে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম অভিযোগ গ্রহণ, পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং অন্য মামলায় কারাগারে থাকা আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার আবেদন জানান।
শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে অন্য মামলায় কারাগারে থাকা আসামিদের আগামী ২৫ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফি, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, সাভার থানার সাবেক ওসি শাহজামান, আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সাঈদ, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সোহেল মিয়া, কনস্টেবল মাহফুজ মিয়া, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ মোট ১৯ জন।
তাদের মধ্যে ছয়জন অন্য মামলায় কারাগারে রয়েছেন এবং বাকি আসামিরা পলাতক।
নিহত আশাবুল ইয়ামিন বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় সাভারে নিহত হন।
মতামত দিন