আট বছর আগের মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত।
শনিবার (১৭ অক্টোবর) দক্ষিণ-পূর্ব দিল্লির সাকেত আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট রাহুল জৈন এ আদেশ দেন। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩১ অক্টোবর।
মামলাটি করেছেন বিকাশ সংস্কৃত্যায়ন, যিনি বিকাশ পাণ্ডে নামেও পরিচিত। তাঁর অভিযোগ, ধ্রুব রাঠি নিজের ইউটিউব চ্যানেলে ‘বিজেপি আইটি সেল পার্ট টু’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। ওই ভিডিওতে তাঁকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে ধ্রুব রাঠির বিরুদ্ধে আগে সমন জারি করা হলেও তা কার্যকর করতে দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছিল। তিনি সাধারণত বিদেশে বসবাস করেন। সম্প্রতি তাঁর হরিয়ানার গুরুগ্রামের ঠিকানায় সমন পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বাড়িটি তালাবদ্ধ দেখতে পান। এরপর আদালত তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেন।
অভিযোগকারী বিকাশ সংস্কৃত্যায়নের দাবি, ২০১৮ সালে প্রকাশিত ভিডিওতে তাঁকে বিজেপির তথ্যপ্রযুক্তি শাখার সঙ্গে সংশ্লিষ্ট এবং ওই শাখার হয়ে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। এ ছাড়া ভিডিওতে একজনকে ঘুষ দেওয়ার অভিযোগও তুলে ধরা হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। এসব বক্তব্যের মাধ্যমে তাঁর সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
মতামত দিন