ট্রাম্পের গলফ কোর্সের কাছে অস্ত্রসহ ব্যক্তি গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ কোর্সের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার সময় সেখানে ট্রাম্পের অংশ নেওয়ার কথা ছিল একটি তহবিল সংগ্রহের নৈশভোজে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নাম জিনিন জন টায়েলে (৩৮)। র্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্স–এর আশপাশ থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তরের ভাষ্য, জন টায়েলেকে গলফ কোর্সের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে, ছবি ও ভিডিও ধারণ করতে এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে দেখা যায়। পরে গোপনে আগ্নেয়াস্ত্র বহন ও নিষিদ্ধ গোলাবারুদ রাখার অভিযোগে স্থানীয় সময় রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
শেরিফ বিভাগ জানায়, সাদাপোশাকের ফেডারেল এজেন্টদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ অভিযান চালায়। তদন্তে আরও জানা যায়, এল সেগুন্ডো পুলিশ বিভাগ একটি ডাকাতির মামলার অভিযোগে তাকে খুঁজছিল।
সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জন টায়েলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি এআর-প্ল্যাটফর্ম রাইফেল, একটি .৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি এবং উদ্বেগজনক বক্তব্যসংবলিত কয়েকটি নোটবই উদ্ধার করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইনগুলোর একটি কার্যকর রয়েছে। সেখানে ১০ রাউন্ডের বেশি ধারণক্ষমতার ম্যাগাজিন নিষিদ্ধ।
ঘটনার তদন্ত চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে জন টায়েলের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে।
মতামত দিন