উত্তরায় অস্ত্র ঠেকিয়ে হিসাবরক্ষকের ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীর উত্তরা এলাকায় একটি ডেভেলপারস কোম্পানির হিসাবরক্ষকের কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পৌনে ১০টায় উত্তরা ১১ নং সেক্টরে সোনারগাঁও জনপদ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনতা ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য সকালে অফিস থেকে রিকশায় করে ১১ নং সেক্টরে যাচ্ছিলেন নূর নাফি ডেভেলপারস লিমিটেড কোম্পানির সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন। ঘটনাস্থলে পৌঁছানোর পর এক ব্যক্তি রিকশা থামানোর জন্য সংকেত দেয়। রিকশা থামানোর পর আরও তিনজন আসে। এরপর একজন পিস্তল ঠেকিয়ে নিজেকে ‘পিস্তল বাবু’ পরিচয় দিয়ে সুজনের সঙ্গে থাকা ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ প্রসঙ্গে ডেভেলপারস কোম্পানির এমডি মো. মনির হোসেন বলেন, সুজন অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি দিতে উত্তরা ৬ নম্বর সেক্টরে জনতা ব্যাংকে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। আমরা লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।
মতামত দিন