নাইজেরিয়ায় গভীর রাতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় নিহত ২৪
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় প্লাতো রাজ্যে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে শুরু হওয়া এ হামলা মঙ্গলবার ভোর পর্যন্ত চলে বলে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদন অনুযায়ী, মাঙ্গু স্থানীয় সরকারের কোমবুন জেলার বিন-পের এলাকায় হামলাটি চালানো হয়। হামলাকারীরা রাতের আঁধারে ওই এলাকায় ঢুকে ঘুমন্ত বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে আক্রমণ করে। এতে বহু মানুষ হতাহত হন এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মাঙ্গু ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বুলুস দাবিত জানান, মধ্যরাতের দিকে অধিকাংশ মানুষ যখন ঘুমিয়ে ছিলেন, তখনই সশস্ত্র ব্যক্তিরা এলাকায় প্রবেশ করে হামলা শুরু করে। স্থানীয় বাসিন্দা ম্যাথিউ জোসেফ জানান, ঘুমের মধ্যে আশপাশের বাড়ি থেকে মানুষের চিৎকার শুনতে পান তিনি। পরে সশস্ত্র ব্যক্তিদের নিজের বাড়ির দিকে এগিয়ে আসতে দেখে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন।
হামলায় প্রাণহানির পাশাপাশি ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতিও হয়েছে। প্লাতো স্টেট হাউস অব অ্যাসেম্বলির মাঙ্গু সাউথ আসনের সদস্য ম্যাথিউ সিলভেস্টার কোয়ারপো জানান, হামলাকারীরা অন্তত ৩৮টি বাড়ি পুড়িয়ে দিয়েছে। একই সঙ্গে কৃষিজমি, সংরক্ষিত শস্য এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ধ্বংস করা হয়েছে।
এ ঘটনার পর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে। কোয়ারপো নিরাপত্তা বাহিনীকে গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত সদস্য মোতায়েনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হামলায় ক্ষতিগ্রস্তদের খাবার, আশ্রয় ও চিকিৎসাসহ জরুরি সহায়তা দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।
প্লাতো রাজ্যের গভর্নর কালেব মুতফওয়াং হামলার নিন্দা জানিয়ে বিন-পেরসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর নজরদারি ও টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার এবং প্রতিশোধমূলক কোনো হামলায় না জড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দেওয়ার অনুরোধও জানিয়েছেন গভর্নর।
মতামত দিন