Views Bangladesh Logo

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী-সন্তান

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ভবন। সেই দুর্যোগে ব্যক্তিগত জীবনে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো। ধসে পড়া একটি আবাসিক ভবনের নিচে তার স্ত্রী ও দুই সন্তান নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে তাদের সন্ধান চেয়েছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

বুধবার (২৪ জুন) রাতে ভেনেজুয়েলায় পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। সরকারি হিসাবে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৬৪ জন। আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

বর্তমানে ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুইরার হয়ে খেলছেন ৩৮ বছর বয়সী লুকাস ত্রেহো। তিনি স্ত্রী ইয়ানিনা মারানেয়া এবং দুই সন্তান অ্যারন ও আইনহোয়াকে নিয়ে প্লায়া গ্রান্দে এলাকার একটি বহুতল আবাসিক ভবনে বসবাস করতেন। ভূমিকম্পের আঘাতে ভবনটি সম্পূর্ণ ধসে পড়ার পর থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে তার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন বার্তায় ত্রেহো লিখেছেন, ‘আমাদের ভবনটি ধসে পড়েছে। আমার পরিবারের কোনো খোঁজ পাচ্ছি না। সবাই তাদের জন্য প্রার্থনা করুন। কেউ যদি তাদের দেখে থাকেন বা কোনো তথ্য জানেন, দয়া করে আমাকে জানান। আমি এখনও আশা করছি, দুর্ঘটনার সময় তারা ভবনের ভেতরে ছিলেন না।’

তার এই আবেদন মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। আর্জেন্টিনা ও ভেনেজুয়েলাসহ বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সমর্থক, সতীর্থ ও শুভানুধ্যায়ীরা তার পরিবারের নিরাপদে ফিরে আসার প্রার্থনা জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ফুটবলে খেলায় স্থানীয় মানুষের সঙ্গে ত্রেহোর গভীর সম্পর্ক গড়ে উঠেছে। তাই এই ব্যক্তিগত ট্র্যাজেডি দেশটির ফুটবল অঙ্গনেও গভীর শোকের ছায়া ফেলেছে।

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে জরুরি সেবাকর্মীরা। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। সেই ধ্বংসস্তূপের পাশেই স্বজনদের ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন লুকাস ত্রেহোর মতো হাজারো মানুষ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ