Views Bangladesh Logo

ইংল্যান্ডের বিপক্ষে নেভি ব্লু জার্সিতে খেলবে আর্জেন্টিনা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা হোম জার্সির বদলে নেভি ব্লু অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতিহাস বলছে, ইংল্যান্ডের বিপক্ষে এই জার্সিতে তাদের রয়েছে স্মরণীয় দুটি জয়।

ফিফার প্রকাশিত জার্সি তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে লিওনেল মেসিরা নেভি ব্লু জার্সির সঙ্গে কালো শর্টস ও কালো মোজা পরবেন। অন্যদিকে ইংল্যান্ড খেলবে তাদের ঐতিহ্যবাহী সাদা হোম কিটে।

চলতি বিশ্বকাপের নকআউট পর্বে এবারই প্রথম অ্যাওয়ে জার্সি পরবে আর্জেন্টিনা। এর আগে গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে একমাত্র ম্যাচে নেভি ব্লু কিট ব্যবহার করেছিল দলটি।

ইংল্যান্ডের বিপক্ষে এই জার্সির সঙ্গে জড়িয়ে আছে আর্জেন্টিনার দুটি ঐতিহাসিক জয়। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এবং ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোয় ইংল্যান্ডকে হারিয়েছিল আলবিসেলেস্তেরা। দুটি ম্যাচেই তারা অ্যাওয়ে জার্সি পরেছিল।

তবে ইংল্যান্ডের বিপক্ষে সব স্মৃতিই সুখকর নয়। ১৯৬২ বিশ্বকাপে অ্যাওয়ে জার্সি পরে এবং ১৯৬৬ ও ২০০২ বিশ্বকাপে হোম জার্সি পরে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হয়েছে আর্জেন্টিনার। বিশেষ করে ২০০২ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি গায়েও ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল দলটিকে।

এদিকে প্রথম সেমিফাইনালে বুধবার ডালাসে ফ্রান্স তাদের নীল হোম জার্সিতে খেলবে। প্রতিপক্ষ স্পেন মাঠে নামবে অফ-হোয়াইট অ্যাওয়ে কিট পরে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ