মেসিকে ছাড়াই দেশে ফিরছে আর্জেন্টিনা
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর নিরবে দেশে ফিরছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তবে দলের সঙ্গে ফিরছেন না অধিনায়ক লিওনেল মেসিসহ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আগেই জানিয়েছিল, বিশ্বকাপ শেষে দলের কয়েকজন খেলোয়াড় যুক্তরাষ্ট্র থেকেই নিজ নিজ গন্তব্যে চলে যাবেন। কেউ ক্লাবে যোগ দেবেন, আবার কেউ ছুটিতে সময় কাটাবেন। তবে কারা কোন গন্তব্যে যাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মেসি, মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং প্রধান কোচ লিওনেল স্কালোনি বুয়েনস এইরেসগামী ফ্লাইটে ছিলেন না।
আর্জেন্টিনার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস জানিয়েছে, দেশে ফেরার পর জাতীয় দলের জন্য কোনো সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন রাখা হয়নি।
তবে ফাইনালে হারলেও সমর্থকদের ভালোবাসায় ভাটা পড়েনি। হাজারো আর্জেন্টাইন রাজধানী বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী ওবেলিস্ক চত্বরে জড়ো হয়ে আতশবাজি ফোটান এবং দলকে অভিনন্দন জানান। যদিও গভীর রাতে সেখানে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই বিশ্বকাপে দলের পারফরম্যান্সকে সম্মান জানিয়ে ভবিষ্যতে একটি দিন সরকারি ছুটি ঘোষণা করার বিষয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দলকে যে ঐতিহাসিক গণসংবর্ধনা দেওয়া হয়েছিল, এবার ফাইনালে হারের কারণে সেই ধরনের কোনো রাষ্ট্রীয় আয়োজন থাকছে না।
মতামত দিন