Views Bangladesh Logo

সুইজারল্যান্ড ম্যাচ সামনে রেখে পূর্ণ উদ্যমে অনুশীলন শুরু আর্জেন্টিনার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মিশরকে নাটকীয়ভাবে হারিয়ে শেষ ষোলোর বাধা পেরোনোর পর এবার পুরো মনোযোগ কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টারে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে শিরোপাধারী আর্জেন্টিনা। এ জন্য এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে পূর্ণ উদ্যমে অনুশীলন শুরু করেছে মেসির দল।

বাংলাদেশ সময় আগামী রোববার (১২ জুলাই) সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

আর্জেন্টিনা শিবিরের জন্য সবচেয়ে স্বস্তির খবর এসেছে রক্ষণভাগ থেকে। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো অনুশীলনে কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই অংশ নিয়েছেন। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের শেষ দিকে তার পায়ের পেশিতে অস্বস্তি দেখা দেওয়ায় শঙ্কা তৈরি হয়েছিল।

তবে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, সেটি কোনো পেশির চোট নয়, বরং সাধারণ ক্র্যাম্প ছিল। ফলে ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে আর কোনো বাধা নেই। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোমেরো। শক্তিশালী হেডে দলের প্রথম গোলটি করেছিলেন তিনিই।

বৃহস্পতিবারের অনুশীলনে মূল গুরুত্ব দেওয়া হয় খেলোয়াড়দের পুনরুদ্ধার প্রক্রিয়ায়। মিশরের বিপক্ষে বেশি সময় খেলা ফুটবলাররা জিমে পুনরুদ্ধার ও রিজেনারেশন সেশন সম্পন্ন করেন। আর বাকি খেলোয়াড়রা কোচিং স্টাফের তত্ত্বাবধানে মাঠে অনুশীলন করেন।

দলে নতুন করে কোনো চোটের খবর না থাকায় কোচ লিওনেল স্কালোনি শেষ ষোলোর ম্যাচে দারুণভাবে ফিরে আসা মূল একাদশের ওপরই আস্থা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার ও শনিবারের অনুশীলনে কৌশলগত প্রস্তুতি এবং ম্যাচ পরিকল্পনাতেই বেশি গুরুত্ব দেবে আর্জেন্টিনা।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধরে রাখতে কোয়ার্টার ফাইনাল জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার। অন্যদিকে, সুইজারল্যান্ড শিরোপাধারীদের হারিয়ে টুর্নামেন্টে বড় অঘটন ঘটিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ