Views Bangladesh Logo

মেসিকে বিশ্রাম দিয়ে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রাম দিয়ে দলের বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

বাংলাদেশ সময় রোববার (২৮ জুন) সকাল ৮টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও জর্ডান।

স্কালোনি জানিয়েছেন, মেসি শুরু থেকেই মাঠে নামবেন না। তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন নিকো পাজ অথবা হুলিয়ান আলভারেজ। শেষ ষোলো নিশ্চিত হওয়ায় এই ম্যাচে দলের বেঞ্চের খেলোয়াড়দের পরীক্ষা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা।

শিরোপাধারীরা টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে হ্যাটট্রিক করেন মেসি। সেই ম্যাচে তিনি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে যান। পরের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা পাঁচে উন্নীত করেন তিনি।

স্কালোনির অধীনে বিশ্বকাপে টানা আট ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটি টানা নয়টি ম্যাচ জিতেছে। এই সময়ে আটটি ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি তারা এবং মাত্র একটি গোল হজম করেছে।

অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া জর্ডান ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৩-১ এবং দ্বিতীয় ম্যাচে আলজেরিয়ার কাছে ২-১ গোলে হারে দলটি। তবে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপে জর্ডানের প্রথম গোলের ইতিহাস গড়েন আলি ওলওয়ান।

সব প্রতিযোগিতা মিলিয়ে জর্ডান তাদের শেষ ছয় ম্যাচে কোনো জয় পায়নি। এই সময়ে দুটি ম্যাচ ড্র এবং চারটিতে হারার পাশাপাশি তারা ১৪ গোল হজম করেছে।

আর্জেন্টিনা শিবিরে অবশ্য কিছু দুশ্চিন্তাও রয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় খেলতে পারবেন না সেন্টার-ব্যাক ক্রিস্তিয়ান রোমেরো। তার জায়গায় নিকোলাস ওতামেন্দি অথবা মার্কোস সেনেসিকে লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে রক্ষণভাগে দেখা যেতে পারে। এছাড়া হলুদ কার্ডের কারণে বাঁ-প্রান্তের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনাকেও বিশ্রাম দেওয়া হতে পারে।

সম্ভাব্য একাদশ

আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্তিনেজ; গনসালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; জিওভানি লো সেলসো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস; থিয়াগো আলমাদা, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ।

জর্ডান: ইয়াজিদ আবুলাইলা; ইয়াজান আল-আরব, আবদুল্লাহ নাসিব, হুসাম আবু দাহাব; এহসান হাদ্দাদ, নূর আল-রাওয়াবদেহ, নিজার আল-রাশদান, মোহান্নাদ আবু তাহা; মুসা আল-তামারি, মাহমুদ আল-মারদি, আলি ওলওয়ান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ