বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা, এবার প্রতিপক্ষ ইংল্যান্ড
ফিফা বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালে আর্জেন্টিনার রেকর্ড ঈর্ষণীয়। শেষ চারে যতবারই উঠেছে, ততবারই ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। এবারও সেই ইতিহাস ধরে রাখার লক্ষ্য তাদের।
রোববার (১২ জুলাই) কানসাসে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। অন্যদিকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, যারা নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে। আগামী ১৫ জুলাই আটলান্টায় মুখোমুখি হবে দুই দল।
বিশ্বকাপে আর্জেন্টিনার আগের সেমিফাইনালগুলো:
১৯৩০: যুক্তরাষ্ট্রকে ৬-১ গোলে হারিয়ে প্রথমবার ফাইনালে ওঠে।
১৯৮৬: দিয়েগো ম্যারাডোনার জোড়া গোলে বেলজিয়ামকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে। পরে বিশ্বকাপও জেতে।
১৯৯০: স্বাগতিক ইতালির সঙ্গে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালে যায়। গোলরক্ষক সার্জিও গোয়কোচিয়া হন নায়ক।
২০১৪: নেদারল্যান্ডসের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পেয়ে ২৪ বছর পর আবার ফাইনালে ওঠে। গোলরক্ষক সার্জিও রোমেরো দুটি টাইব্রেকার ঠেকান।
২০২২: ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে। লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স ও হুলিয়ান আলভারেজের জোড়া গোলে আসে জয়। পরে শিরোপাও জেতে আর্জেন্টিনা।
১৯৭৮ বিশ্বকাপে ভিন্ন প্রতিযোগিতা কাঠামোর কারণে সেমিফাইনাল ছিল না। দ্বিতীয় পর্বের গ্রুপে শীর্ষে থেকে সরাসরি ফাইনালে উঠে স্বাগতিক আর্জেন্টিনা শিরোপা জিতেছিল।
এবারের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’র স্মৃতিও নতুন করে সামনে চলে এসেছে।
এখন দেখার বিষয়, সেমিফাইনালে শতভাগ সাফল্যের ইতিহাস ধরে রেখে আর্জেন্টিনা আরেকবার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কি না।
মতামত দিন