আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও অজেয় নয়: সুইস কোচ ইয়াকিন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। প্রতিপক্ষকে সমীহ করলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না সুইস কোচ মুরাত ইয়াকিন। তার বিশ্বাস, আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও অজেয় নয়।
কানাডার ভ্যাঙ্কুভারে রাউন্ড অব ১৬-এর শেষ ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে সুইজারল্যান্ড। অন্যদিকে, মিসরের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, ‘এখন আমরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে যাচ্ছি। এটি আমাদের জন্য একটি অনন্য সুযোগ। তবে আমরা দেখেছি, আর্জেন্টিনা অজেয় নয়। আমরা কঠোর পরিশ্রম করেছি এবং নিজেদের এই পর্যায়ে নিয়ে এসেছি। এখন সেই পরিশ্রমের ফল দেখানোর সময়।’
তিনি আরও বলেন, ‘এটি খুবই আকর্ষণীয় একটি ম্যাচ হবে। কৌশলগতভাবে আমরা বর্তমান চ্যাম্পিয়নদের সমান তালে চ্যালেঞ্জ জানাতে চাই। এমন ম্যাচ খেলতে পারা আমাদের জন্য অসাধারণ এক অভিজ্ঞতা।’
কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর নিজের দল নিয়েও দারুণ আশাবাদী সুইস কোচ। তার বিশ্বাস, এই দল বিশ্বকাপে বড় কিছু অর্জনের সামর্থ্য রাখে।
ইয়াকিন বলেন, ‘এটা যেন স্বপ্নের মতো। আমাদের সামনে এখন আর্জেন্টিনা। আমাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় আছে, আর আজকের ম্যাচেই তারা সেটির প্রমাণ দিয়েছে। তাদের পরিপক্বতা ও সামর্থ্যের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি, এই দল অনেক দূর যেতে পারে।’
এদিকে সুইজারল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেসও আর্জেন্টিনার প্রশংসা করেছেন।
তিনি বলেন, ‘আর্জেন্টিনা দুর্দান্ত একটি দল। তাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে, একজন অসাধারণ কোচ আছেন, আর বিশ্বের সেরা খেলোয়াড়টিও তাদের দলে রয়েছে।’
মতামত দিন