দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল
অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং সাবেক সচিব ড. এম মাহফুজুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
মো. ময়নুল ইসলাম ২০২৫ সালের ১০ এপ্রিল পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিতে নিয়োগ পান। অন্যদিকে, ড. এম মাহফুজুল হক ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। সরকারের নতুন আদেশ অনুযায়ী, তাদের উভয়ের চুক্তির অবশিষ্ট সময়কাল বাতিল বলে গণ্য হবে।
এর আগে গত ৮ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় ময়নুল ইসলাম ও মাহফুজুল হকসহ চারজন রাষ্ট্রদূতকে নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নির্দেশনার ধারাবাহিকতায় প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদও আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসনিক ও কূটনৈতিক সংস্কারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে রদবদল করা হচ্ছে এবং পূর্বের চুক্তিভিত্তিক নিয়োগগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় এই দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে