Views Bangladesh Logo

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলার আবেদন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।

মামলার আবেদনটি করা হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদের পক্ষে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এর আদালতে আবেদনটি জমা দেওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, এ বিষয়ে আজই শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার আবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস এর কাছে পরাজয়ের পর থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ মার্চ ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মির্জা আব্বাসকে ‘বাংলাদেশের ক্রিমিনাল র‍্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ বলে আখ্যায়িত করেন, যা মানহানিকর।

বাদীপক্ষের দাবি, ওই বক্তব্য ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ায় মির্জা আব্বাস এর দীর্ঘদিনের রাজনৈতিক জীবন ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হয়েছে বলেও মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওই নির্বাচনে জয় পান মির্জা আব্বাস। তবে ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেই রাজনৈতিক বিরোধের সূত্র ধরেই এবার আদালতে মানহানির অভিযোগ আনা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ