মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আযাদের আপিল চলবে কি না, আদেশ ৭ সেপ্টেম্বর
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল চলবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
সোমবার (৩১ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে এ দিন ধার্য করেন।
আদালতে আবুল কালাম আযাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক ও ব্যারিস্টার নাজিব মোমেন।
এর আগে গত ১০ আগস্ট একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেন আবুল কালাম আযাদ।
পলাতক অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন। বাংলাদেশের স্বাধীনতার ৪১ বছর পর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি ছিল প্রথম রায়।
মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।
দীর্ঘদিন পলাতক থাকার পর চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ। আত্মসমর্পণের পর আপিল করার শর্তে তার মৃত্যুদণ্ডের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়।
এর ধারাবাহিকতায় ট্রাইব্যুনাল-২ আপিলের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেন।
আযাদের আইনজীবী মশিউল আলম সে সময় জানিয়েছিলেন, ২০১৩ সালে ট্রাইব্যুনাল থেকে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছিল। পরে রাষ্ট্রপতির কাছে আবেদনের পর আত্মসমর্পণ করে আপিল করার শর্তে এক বছরের জন্য তার সাজা স্থগিত করা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২২ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে।
মতামত দিন