সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার জামিন স্থগিত
জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে হাইকোর্ট যে জামিন দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রোববার (৭ জুন) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত একই সঙ্গে তাদের জামিনসংক্রান্ত আবেদনের ওপর জারি করা রুল দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন।
শুনানিতে সাংবাদিক দম্পতির পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতির্ময় বড়ুয়া।
এর আগে গত ১১ মে হাইকোর্ট জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট ছয়টি মামলায় ফারজানা রূপা এবং পাঁচটি মামলায় শাকিল আহমেদকে জামিন দেন। এছাড়া তাদের বিরুদ্ধে একটি করে পৃথক মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছিলেন আদালত।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আনিক আর হক।
২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে আটক করা হয়। পরদিন ফজলুল করিম হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ড শেষে ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে ৩১ আগস্ট আদালত ওই মামলায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা আরও কয়েকটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
সর্বশেষ চেম্বার আদালতের আদেশের ফলে হাইকোর্টের দেওয়া জামিন আপাতত স্থগিত থাকছে। হাইকোর্টে রুলের চূড়ান্ত শুনানি ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে