Views Bangladesh Logo

নিবন্ধন পুনর্বহালে জামায়াতের আপিল শুনানি ফের ২১ জানুয়ারি

নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিলের তৃতীয় দিনের শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

মঙ্গলবারের (১৪ জানুয়ারি) শুনানি শেষে ২১ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।

জামায়াতের পক্ষে শুনানি করছেন আইনজীবী এহসান আবদুল্লাহ সিদ্দিক ও শিশির মনির।

নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

গত বছরের ৩ ডিসেম্বর আপিল শুনানি শুরু হয়। প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য ১০ ডিসেম্বর দিন ঠিক করেন আদালত। ওইদিন পরবর্তী শুনানির জন্য আজকের দিন ঠিক করা হয়।

২০০৮ সালের ৮ নভেম্বর রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে অস্থায়ী নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির তৎকালীন মহাসচিব মুন্সী আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। জামায়াতের নিবন্ধন বাতিলের আরজি জানান তারা।

এতে বিবাদী করা হয় জামায়াতের তৎকালীন আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নির্বাচন কমিশনসহ চারজনকে।

রিট আবেদনটির নিষ্পত্তি শেষে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

পরবর্তীতে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে দলটি। তবে আপিল শুনানিতে জামায়াতের প্রধান আইনজীবী হাজির না হওয়ায় ২০২৩ সালের ১৯ নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়টি বহাল থাকে।

এর আগে ২২ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন জানায় জামায়াত।

গত বছরের ২২ অক্টোবর ওই আবেদন মঞ্জুর ও বিলম্ব ক্ষমা করে শুনানির জন্য আপিলটি পুনরুজ্জীবিত করেন সর্বোচ্চ আদালত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ