যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী মন্ত্রিপরিষদ সচিব অ্যান্টোনিয়া রোমিও
যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদে নিয়োগ পেলেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার অ্যান্টোনিয়া রোমিওকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেন। এর মধ্য দিয়ে দেশটির প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। রয়টার্স
রোমিও দায়িত্ব নিচ্ছেন ক্রিস ওয়ারমন্ড–এর স্থলাভিষিক্ত হয়ে। যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে পিটার ম্যান্ডেলসন–এর নিয়োগ ঘিরে বিতর্কের জেরে গত সপ্তাহে স্টারমার সরকারের তৃতীয় ব্যক্তি হিসেবে পদত্যাগ করেন ওয়ারমন্ড।
রোমিও যুক্তরাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি স্বরাষ্ট্র বিভাগের স্থায়ী সচিব হিসেবে কাজ করেছেন। এর আগে বিচার বিভাগ ও আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের স্থায়ী সচিব ছিলেন। পাশাপাশি নিউইয়র্কে কনসাল জেনারেল এবং মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রী স্টারমার রোমিওকে ‘অসাধারণ সরকারি কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করে বলেন, তার পেশাদারি ও কাজ সম্পন্ন করার দৃঢ় সংকল্প তাকে মুগ্ধ করেছে। সরকারের সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে রোমিওই সঠিক ব্যক্তি বলে মন্তব্য করেন তিনি।
তবে নিয়োগের আগে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্কে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে হয়রানিমূলক আচরণের অভিযোগ উঠেছিল। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, নয় বছর আগে একটি আনুষ্ঠানিক অভিযোগ করা হলেও তা ভিত্তিহীন হওয়ায় খারিজ করা হয়েছিল।
২০০০ সালে পেশাদার অর্থনীতিবিদ হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন রোমিও। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর এক বিবৃতিতে তিনি বলেন, সিভিল সার্ভিসের নেতৃত্ব দেওয়া তার জন্য ‘বিরাট সম্মান’। তিনি এটিকে একটি ‘সাধারণ ও অনন্য প্রতিষ্ঠান’ বলে উল্লেখ করেন, যাকে তিনি ভালোবাসেন।
রোমিও আরও বলেন, সরকারি কর্মসূচি বাস্তবায়ন ও দেশের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা, কার্যকারিতা ও উদ্ভাবনী শক্তির পরিচয় দিতে হবে। তাঁর নিয়োগ অবিলম্বে কার্যকর হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে