অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়ায় ২৫ বছরে ৪ কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা: ডব্লিউএইচও
অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা কমে যাওয়ায় আগামী ২৫ বছরে বিশ্বে প্রায় ৪ কোটি মানুষের মৃত্যু হতে পারে। এ বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, জীবাণু ওষুধের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা গড়ে তুললে সাধারণ অস্ত্রোপচার থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়ার মতো চিকিৎসাসেবাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) ডব্লিউএইচওর কর্মকর্তারা জানান, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় বিশ্বজুড়ে অগ্রগতি এখনো আশানুরূপ নয়। এ সংকট ঠেকাতে দ্রুত ও নির্ভুলভাবে জীবাণু শনাক্ত করা, সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।
ডব্লিউএইচওর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জ্যঁ-পিয়েরে নিয়েমাজি বলেন, অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধক্ষমতা দ্রুত ছড়িয়ে পড়ছে। এর ফলে আধুনিক চিকিৎসাব্যবস্থা হুমকির মুখে পড়েছে।
তিনি বলেন, কোভিড-১৯ মহামারির মতো এ সংকট দৃশ্যমান নয়। তবে ওষুধের কার্যকারিতা হারানোর কারণে বছরের পর বছর ধরে মানুষ মারা যাচ্ছে। তাই বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে সচেতনতা বাড়ানো জরুরি।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২১ সালে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধক্ষমতার কারণে সরাসরি ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় ৪৭ লাখ মৃত্যুর সঙ্গে এ সমস্যার সংশ্লিষ্টতা ছিল।
চলতি বছর ১৮৩টি দেশের পরিস্থিতি পর্যালোচনা করে ডব্লিউএইচও জানিয়েছে, প্রায় ৯০ শতাংশ দেশের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনা রয়েছে। ২০১৭ সালে এ হার ছিল ৪০ শতাংশ। তবে পরিকল্পনা থাকলেও মাত্র ৪২টি দেশ তা বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ করেছে এবং অগ্রগতি পর্যবেক্ষণের ব্যবস্থা রেখেছে।
ডব্লিউএইচওর কর্মকর্তা প্রভাশা প্রকাশ বলেন, ২০৩০ সালের মধ্যে নির্ধারিত লক্ষ্য অর্জন করতে হলে দেশগুলোকে আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংস্থাটির ২০২৩ সালের তথ্য অনুযায়ী, পরীক্ষাগারে শনাক্ত হওয়া প্রতি ছয়টি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের একটির চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিবায়োটিক কার্যকর হয়নি।
এ সংকট মোকাবিলায় রোগ শনাক্তকরণের জন্য দুটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে ডব্লিউএইচও। সংস্থাটি বলছে, সংক্রমণ প্রতিরোধ, টিকাদান, নিরাপদ পানি ও উন্নত পয়োনিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করতে হবে। এসব পদক্ষেপের মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি কমানো সম্ভব।
মতামত দিন