স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে: রিজভী
স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতে ইসলামীর আমিরের বাসভবনে আয়োজিত চিত্র প্রদর্শনীর প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সেখানে সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার কোনো ছবি নেই। ৭ মার্চের শেখ মুজিবুর রহমানের ভাষণের ইতিহাসও সেখানে তুলে ধরা হয়েছে। বর্তমানে খুবই চক্রান্তমূলকভাবে কোনটা বড় আর কোনটা ছোট, তা যাচাই করার চেষ্টা করা হচ্ছে। এতে কোনো লাভ হবে না। এ দেশের মানুষ স্বাধীনতা রক্ষা করতে জানে।
রিজভী বলেন, ২০০৮ সালের পাতানো নির্বাচনের পর থেকে একটি বড় দল একই কায়দায় ক্ষমতা ধরে রেখেছিল। বর্তমানে তারা পার্শ্ববর্তী দেশকে আঁকড়ে ধরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে দলটি দেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছে। তাদের বীরত্বের কোনো ইতিহাস নেই, আছে শুধু দালালির ইতিহাস। ১৯৭১ সালে পাকিস্তানিদের সঙ্গে আঁতাত এবং পরবর্তী সময়ে এরশাদের সঙ্গে যোগ দিয়ে তারা দেশের ক্ষতি করেছে।
ছাত্রশিবির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দাঙ্গা-হাঙ্গামা শুরু করেছে অভিযোগ করে রিজভী বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা একাত্তরের ইতিহাসকে ছোট করে দেখানোর চেষ্টা করছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াতের ছাত্র সংগঠনের পক্ষ থেকে দাঁড়িপাল্লা আঁকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এর মাধ্যমে ১৯৭১-কে হালকা করে দেখানো হয়েছে। এসব কর্মকাণ্ড উদ্দেশ্যপ্রণোদিত।
রিজভী বলেন, একাত্তরের চেতনা আমাদের বুকের মধ্যে ছিল বলেই আমাদের সন্তানেরা ’২৪-এ শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে তাড়িয়ে দিয়েছে।
এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধা দলের নেতারা। পরে রিপোর্টার্স ইউনিটি থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।
মতামত দিন