অ্যান্থ্রপিকের বাজারমূল্য ৯৬৫ বিলিয়ন ডলার, পেছনে ফেলল ওপেনএআইকে
কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ক্লডের নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্থ্রপিক এআই স্টার্টআপ হিসেবে বিশ্বের সর্বোচ্চ বাজারমূল্যের শীর্ষে উঠে এসেছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ বাজারমূল্য দাঁড়িয়েছে ৯৬৫ বিলিয়ন ডলারে, এতে ক্লডের প্রতিদ্বন্দ্বী ওপেনএআইকে ছাড়িয়ে গেছে। আল-জাজিরা
বৃহস্পতিবার অ্যান্থ্রপিক জানায়, অ্যালটিমিটার ক্যাপিটাল, গ্রিনওকস, ড্রাগনিয়ার ও সিকোয়া ক্যাপিটালের নেতৃত্বে পরিচালিত বিনিয়োগ রাউন্ডে প্রতিষ্ঠানটি বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে ৬৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এর ফলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইকে ছাড়িয়ে গেছে, যার বাজারমূল্য গত মার্চে ছিল ৮৫২ বিলিয়ন ডলার।
অ্যান্থ্রপিকের প্রধান অর্থ কর্মকর্তা কৃষ্ণ রাও এক বিবৃতিতে বলেন, 'এই বিনিয়োগ আমাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, গবেষণার অগ্রভাগে থাকা এবং কাজের আরও বেশি পরিবেশে ক্লডকে নিয়ে যেতে সহায়তা করবে।'
অ্যালটিমিটার ক্যাপিটালের প্রধান নির্বাহী ব্র্যাড গার্স্টনার বলেন, বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্লডের ব্যাপক গ্রহণযোগ্যতা এ খাতে অ্যান্থ্রপিকের শক্তিশালী অবস্থানের প্রমাণ। তিনি বলেন, 'এই গতি অ্যান্থ্রপিককে এআই উদ্ভাবনের পরবর্তী পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিচ্ছে।'
২০২১ সালে ওপেনএআইয়ের সাবেক গবেষকদের হাত ধরে প্রতিষ্ঠিত অ্যান্থ্রপিক দ্রুততার সঙ্গে এআই শিল্পের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটিতে পরিণত হয়েছে। ২০২৩ সালে প্রথম চালু হওয়া ক্লড বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই মডেলগুলোর একটি। গত মার্চে প্রতিষ্ঠানটি জানায়, প্রতিদিন ১০ লাখেরও বেশি নতুন ব্যবহারকারী ক্লডে নিবন্ধন করছেন।
তবে দ্রুত সাফল্যের পাশাপাশি প্রতিষ্ঠানটি কিছু চ্যালেঞ্জেরও মুখে পড়েছে। সামরিক কাজে সীমাহীন ব্যবহারের সুযোগ দিতে অস্বীকার করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অ্যান্থ্রপিককে 'সাপ্লাই চেইন ঝুঁকি' হিসেবে চিহ্নিত করেছে।
একই দিন অ্যান্থ্রপিক ক্লডের নতুন সংস্করণ অপাস ৪.৮ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি এটিকে আগের সংস্করণের তুলনায় 'সামান্য কিন্তু অনুভবযোগ্য উন্নতি' বলে বর্ণনা করেছে।
অ্যান্থ্রপিক, ওপেনএআই এবং ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্স — তিনটি প্রতিষ্ঠানই অদূর ভবিষ্যতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এগুলো ইতিহাসের অন্যতম বৃহৎ আইপিও হতে পারে।
আইপিও বিশেষজ্ঞ ও ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক জে আর রিটার বলেন, সফটওয়্যার কোডিংয়ে ব্যাপক ব্যবহারের কারণে বাজারে অ্যান্থ্রপিক নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তিনি আল-জাজিরাকে বলেন, 'এটি একটি বড় বাজার এবং এখানে অ্যান্থ্রপিকের পণ্যই সেরা বলে মনে হচ্ছে।'
তিনি আরও বলেন, 'এত কম সময়ে একটি স্টার্টআপের বাজারমূল্য এভাবে বাড়া নজিরবিহীন। তবে এআই বিনিয়োগে বাবল তৈরি হচ্ছে কিনা তা এখনো স্পষ্ট নয়। যে কয়েকটি প্রতিষ্ঠান শেষ পর্যন্ত টিকে থাকবে, তারা বিশাল মুনাফা করবে। কেউ অষ্টম সেরা পণ্য ব্যবহার করতে চায় না — তাই এই প্রতিষ্ঠানগুলো হয় সফল মুষ্টিমেয়দের একটি হবে, নয়তো বাজারে তাদের কোনো অস্তিত্বই থাকবে না।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে