Views Bangladesh Logo

বিশ্বজুড়ে ফের চালু হচ্ছে অ্যানথ্রপিকের ক্লড এআই মডেল

মার্কিন সরকারের আরোপিত রপ্তানি-সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের পর বিশ্বব্যাপী আবারও তাদের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল Claude Fable 5 এবং Claude Mythos 5 চালু করছে অ্যানথ্রপিক।

বুধবার (২ জুলাই) থেকে ধাপে ধাপে মডেল দুটির ব্যবহার পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এআই প্রতিষ্ঠানটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে অ্যানথ্রপিক ব্যবহারকারীদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানায়।

প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ (ডিপার্টমেন্ট অব কমার্স) তাদের জানিয়েছে যে, মডেল দুটির ওপর আরোপিত রপ্তানি নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক অ্যানথ্রপিককে দেওয়া এক চিঠিতে জানান, প্রতিষ্ঠানটি এখন থেকে আর রপ্তানি লাইসেন্স ছাড়াই এসব মডেল সরবরাহ করতে পারবে। তবে এর বিনিময়ে অ্যানথ্রপিক এআই মডেলের নিরাপত্তা ঝুঁকি শনাক্ত ও মোকাবিলা, ভবিষ্যতের মডেল উন্নয়নে সরকারের সঙ্গে সমন্বয় এবং সম্ভাব্য অপব্যবহার সম্পর্কে সরকারকে অবহিত করার বিষয়ে সম্মত হয়েছে।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নির্দেশে অ্যানথ্রপিক বিদেশি নাগরিকদের, এমনকি নিজেদের বিদেশি কর্মীদের জন্যও Claude Fable 5 ও Mythos 5-এর ব্যবহার বন্ধ করে দেয়। সে সময় প্রতিষ্ঠানটি জানায়, জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের কথা বলা হলেও সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তাদের ধারণা ছিল, Fable 5-এর নিরাপত্তা দুর্বলতা নিয়ে উদ্বেগ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

অ্যানথ্রপিক জানায়, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনা ও সুরক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর জন্য ইতোমধ্যে মডেল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদের জন্যও দ্রুত সেবা পুরোপুরি চালু করতে সরকারের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এদিকে অ্যানথ্রপিক ও ট্রাম্প প্রশাসনের সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছিল। মার্চ মাসে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) অ্যানথ্রপিককে ‘সাপ্লাই চেইন ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করলে প্রতিষ্ঠানটি তাদের বিরুদ্ধে মামলাও করে। অ্যানথ্রপিকের অভিযোগ ছিল, গণনজরদারি বা স্বয়ংক্রিয় অস্ত্রে এআই ব্যবহারের নিশ্চয়তা না পাওয়ায় তারা সামরিক প্রকল্পে কাজ করতে রাজি হয়নি।

বিশ্লেষকদের মতে, মডেল দুটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রযুক্তি খাতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। সিডনি বিশ্ববিদ্যালয়ের এআই, ট্রাস্ট অ্যান্ড গভর্ন্যান্স সেন্টারের উপপরিচালক ফ্রান্সেসকো বাইলো বলেন, Fable 5-এর নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা বাস্তবের তুলনায় অতিরঞ্জিত ছিল। সরকার সম্ভবত বুঝতে পেরেছে, এই নিষেধাজ্ঞা ভবিষ্যতে প্রযুক্তি খাতের জন্য জটিল নজির তৈরি করতে পারে।

অন্যদিকে চিকিৎসাবিষয়ক এআই প্রতিষ্ঠান সোফন্টের প্রধান তানিশক আব্রাহাম বলেন, এই সিদ্ধান্ত ভবিষ্যতের এআই মডেল বাজারে ছাড়ার ক্ষেত্রে নতুন প্রশ্ন তৈরি করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো—ভবিষ্যতে কি প্রতিটি উন্নত এআই মডেল উন্মুক্ত করার আগে যুক্তরাষ্ট্র সরকারের অনুমোদন নিতে হবে?

উল্লেখ্য, গত সপ্তাহে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইও জানিয়েছে, তাদের নতুন GPT-5.6 মডেল প্রথমে সীমিত সংখ্যক ‘বিশ্বস্ত অংশীদারের’ জন্য উন্মুক্ত করা হবে, পরে ধাপে ধাপে সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। এটি এআই প্রযুক্তি নিয়ে মার্কিন সরকারের বাড়তি নজরদারিরই একটি ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ