বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরনে ছিল কালো গেঞ্জি ও কালো ট্রাউজার।
বিটিসিএলের অফিস সহকারী মো. সাইফুল ইসলাম জানান, সকালে ওই যুবক দেয়াল টপকে কার্যালয়ের ভেতরে ঢুকেছিলেন। বিষয়টি টের পেয়ে আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে পাঠানো হয়। তবে তাঁর সঙ্গে কোনো আনসার সদস্য হাসপাতালে যাননি।
যুবককে হাসপাতালে নিয়ে আসা সৈকত আলী নিজেকে আনসারের সাবেক প্লাটুন কমান্ডার (পিসি) পরিচয় দিয়ে বলেন, চুরির উদ্দেশ্যে ওই যুবকসহ আরও দু-তিনজন দেয়াল টপকে কার্যালয়ের ভেতরে ঢুকেছিলেন। বিষয়টি টের পেয়ে দায়িত্বরত আনসার সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় ওই যুবক লাঠি দিয়ে এক আনসার সদস্যকে আঘাত করেন। পরে অন্যরা পালিয়ে গেলেও তাঁকে আটক করা হয়।
সৈকত আলী বলেন, আটকের পর ওই যুবককে আনসার ক্যাম্পে নিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। তবে মারধরের ঘটনায় তিনি নিজে জড়িত নন বলে দাবি করেন। ওই কার্যালয়ে নিয়মিত চুরির ঘটনা ঘটে বলেও দাবি করেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশকে জানানো হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা নাজমুস সাকিব জানান, অভিযোগটি নিয়ে কাজ চলছে। এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
মতামত দিন