Views Bangladesh Logo

চার ম্যাচের আরেক রাত্রি, স্পটলাইটে ইকুয়েডর-জার্মানি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ রাউন্ডে আজ রাতে অনুষ্ঠিত হবে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ। বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় ‘গ্রুপ ই’-এর দুটি ম্যাচ একসঙ্গে মাঠে গড়াবে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ইকুয়েডর ও জার্মানি। একই সময়ে ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে লড়বে কুরাসাও ও আইভরি কোস্ট।

ক্যারিবীয় দেশ কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করার পর আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে জার্মানি ইতোমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে। ফলে আজকের ম্যাচে কোচ জুলিয়ান নাগেলসম্যান মূল একাদশে কিছু পরিবর্তন আনতে পারেন। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে ইকুয়েডরের সামনে এখন ‘করো অথবা মরো’ পরিস্থিতি। প্রথম দুই ম্যাচে তারা একটি গোলও করতে পারেনি। আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হারের পর কুরাসাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে দক্ষিণ আমেরিকার দলটি। ফলে শেষ ষোলোতে ওঠার আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই তাদের। কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে ২৭টি শট নিয়েও গোলের দেখা পায়নি ইকুয়েডর। প্রতিপক্ষ গোলরক্ষক এলয় রুমের দুর্দান্ত নৈপুণ্যে হতাশ হতে হয়েছে তাদের আক্রমণভাগকে। তাই জার্মানির বিপক্ষে গোলের খরা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইকুয়েডরের সামনে।

এদিকে জার্মানির হয়ে মাত্র ৫৮ মিনিট খেলে তিন গোল করা ডেনিজ উন্ডাভ এখন পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম আলোচিত খেলোয়াড়। তবে ম্যাচের গুরুত্ব কম থাকায় আজ তাকে শুরুর একাদশে নাও দেখা যেতে পারে। এছাড়া আইভরি কোস্টের বিপক্ষে চোট পাওয়া সেন্টার-ব্যাক নিকো শ্লোটারবেকের খেলা হচ্ছে না। তার জায়গায় সুযোগ পেতে পারেন মালিক থিয়াও।অন্য ম্যাচে ইতিহাস গড়েই বিশ্বকাপে অংশ নেওয়া কুরাসাও মুখোমুখি হবে আইভরি কোস্টের।


বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে আসরে জায়গা করে নেওয়া কুরাসাও নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে লড়বে। অন্যদিকে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে জয় চাই আফ্রিকার প্রতিনিধিদেরও।


ফুটবলপ্রেমীদের জন্য আজ রাতটি হতে যাচ্ছে দারুণ রোমাঞ্চকর। বিশেষ করে ইকুয়েডর-জার্মানি ম্যাচে থাকবে বাড়তি নজর, কারণ এই লড়াইয়ের ফলই নির্ধারণ করে দিতে পারে ইকুয়েডরের বিশ্বকাপ ভাগ্য।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ