যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির অধিকাংশ এমপির সমর্থন পেয়ে দলীয় প্রধান ও পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন অ্যান্ডি বার্নহাম। প্রথম দফার মনোনয়ন গণনায় ৪০৩ জন লেবার এমপির মধ্যে ৩২২ জন তার পক্ষে সমর্থন দিয়েছেন। দলীয় নেতৃত্ব নিশ্চিত করতে প্রয়োজন ৩২৩ জন এমপির সমর্থন, ফলে তিনি মাত্র একজন সমর্থক দূরে রয়েছেন। ইতোমধ্যে কয়েকজন এমপি জানিয়েছেন, পার্লামেন্টে ফিরেই তাকে সমর্থন দেবেন। বিবিসি
দলীয় নেতৃত্বের জন্য প্রার্থীদের আগামী বুধবারের মধ্যে অন্তত ৮১ জন এমপির সমর্থন সংগ্রহ করতে হবে। অন্য কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় না এলে আগামী সপ্তাহেই বার্নহামকে লেবার পার্টির নেতা ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে ২০ জুলাই তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। কিয়ার স্টারমারের পদত্যাগের পর এই নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়।
সমর্থনের জন্য এমপিদের ধন্যবাদ জানিয়ে বার্নহাম বলেন, এই সমর্থন যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গির প্রতি আস্থার প্রতিফলন। তিনি ওয়েস্টমিনস্টারের বাইরে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকারকে আরও ক্ষমতায়ন, পানি ও জ্বালানি খাতে জনগণের নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি গাজা ইস্যুতে লেবার পার্টির আগের অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করে নীতিগত পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছেন।
মতামত দিন