তৃতীয় ও চতুর্থ সন্তান নিলে ৪০ হাজার রুপি পর্যন্ত নগদ দেবে ভারতের অন্ধ্রপ্রদেশ
পরিবার পরিকল্পনা নিয়ে নতুন ঘোষণা দিলেন ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি জানান, তৃতীয় সন্তান জন্মের পর পরিবারকে ৩০ হাজার এবং চতুর্থ সন্তান নিলে ৪০ হাজার রুপি নগদ দেবে রাজ্য সরকার।
শনিবার শ্রীকাকুলাম জেলার নরসন্নপেটায় এক অনুষ্ঠানে নাইডু বলেন, ‘অতীতে আমি পরিবার পরিকল্পনার পক্ষে কাজ করেছি। কিন্তু এখন সন্তানই আমাদের সম্পদ।’ তেলুগু দেশম পার্টির (টিডিপি) এই প্রধান দীর্ঘদিন ধরে জন্মহার হ্রাস নিয়ে সতর্ক করে আসছেন এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের পথে না হাঁটার আহ্বান জানিয়েছেন। তার মতে, জনসংখ্যা স্থিতিশীল রাখতে মোট প্রজনন হার (টিএফআর) ২.১-এ বজায় রাখা জরুরি।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, লোকসভায় আসনসংখ্যা পুনর্বণ্টনের কেন্দ্রীয় উদ্যোগের সঙ্গে এই সিদ্ধান্তের যোগসূত্র রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ঘোষণাটি নিয়ে তীব্র সমালোচনাও হচ্ছে রাজনৈতিক মহলে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে