Views Bangladesh Logo

এবার ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্যের অভিযোগে আমির হামজাকে আইনি নোটিশ

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য ও কটূক্তির অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব আই-ইয়াশ ইমনের পক্ষে গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া আদালতের আইনজীবী নুরুল ইসলাম নোটিশটি পাঠান।

তিনি বলেন, 'নোটিশে ১০ দিনের মধ্যে মানহানিকর বক্তব্যের সন্তোষজনক জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তা না হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর পরিপ্রেক্ষিতে এই নোটিশ পাঠানো হয়েছে। ২৬ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে আমির হামজা বলেন, 'আমার মনে হয় ফজু পাগলকে বাইরে রাখলে ক্ষতি হবে। ওকে পাবনা পাঠানো দরকার। যারা আছেন কিশোরগঞ্জ, তাঁরা ধরে-বেঁধে ওরে পাবনা পাঠান। দরকার হয় কুকুর মারার ইনজেকশন দিয়ে দেয়।'

নোটিশে বলা হয়, আমির হামজা জনসমক্ষে ও সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সম্পর্কে বিভিন্ন সময় মানহানিকর বক্তব্য দিয়েছেন এবং অপপ্রচার চালিয়েছেন। একজন সংসদ সদস্যকে 'ফজু পাগলা' বলে আখ্যায়িত করে মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেছেন এবং কুকুর মারার ইনজেকশন দেওয়ার হুমকি দিয়েছেন। এতে একজন বীর মুক্তিযোদ্ধার সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং তিনি সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জাতীয় যুবশক্তি নেতা আই-ইয়াশ ইমন বলেন, 'ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁকে নিয়ে মানহানিকর বক্তব্য কাম্য নয়। এই কারণেই আইনি নোটিশ পাঠিয়েছি।'

উল্লেখ্য, এর আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম প্রকাশের দাবিতে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান এবং ডিসি নিয়োগে ৩০ থেকে ৫০ কোটি টাকা লেনদেনের বক্তব্যের জন্য কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল ইসলামও আমির হামজাকে পৃথক আইনি নোটিশ পাঠিয়েছেন। এ ছাড়া কুষ্টিয়ার হাটশ হরিপুর বড় জামে মসজিদে এক আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে 'নাস্তিক ও ইসলামবিদ্বেষী' বলার অভিযোগে সিরাজগঞ্জের আদালত মানহানির মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ