নতুন চিফ প্রসিকিউটর পদে নিয়োগ পেলেন আমিনুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। একই সঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত দেড় বছর দায়িত্ব পালন করেছিলেন তাজুল ইসলাম। নির্বাচনের আগে তার অধীনে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। বর্তমানে এসব মামলার বিচারকাজ ট্রাইব্যুনাল-১ ও ২-এ চলছে। ইতিমধ্যে তিনটি মামলায় রায় ঘোষণা করা হয়েছে। ঘোষিত রায়ে দণ্ডিত ২৬ জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।
বাকি মামলা যেমন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ দুটি মামলা এখনও রায়ের অপেক্ষায়। এছাড়া আগামী ৪ মার্চ রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় ঘোষণা হবে।
একই সময়ে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও নির্যাতনের মামলাগুলোরও বিচার চলছে ট্রাইব্যুনালে। বিচারকাজের মুখোমুখি হয়েছেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। পাশাপাশি আওয়ামী লীগের অনেক প্রভাবশালী এমপি ও মন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে