ভোটের ফলাফল চ্যালেঞ্জ করলেন আমিনুল হক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন প্রার্থী আমিনুল হক।
রোববার (৮ মার্চ) মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। তিনি ঢাকা-১৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে পরাজিত হন।
নির্বাচনে আব্দুল বাতেন পান ৮৮ হাজার ৮২৮ ভোট। আমিনুল হক পান ৮৫ হাজার ৪৬৭ ভোট।
তবে নির্বাচনে পরাজিত হলেও বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর (টেকনোক্র্যাট) দায়িত্ব পেয়েছেন তিনি।
এর আগে ১৫ জনের বেশি প্রার্থী হাইকোর্টে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেছেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।
বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে