ঢাকা-১৬ আসনে ফল স্থগিত ও পুনঃভোটের দাবি আমিনুল হকের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আমিনুল হক।
শুক্রবার দুপুরে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দেন। আবেদনে তিনি বিতর্কিত কেন্দ্রগুলোর ফল বাতিল করে পুনরায় ভোটগ্রহণের আহ্বান জানান।
আবেদনপত্রে আমিনুল হক দাবি করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এবং নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন হয়েছে। তার অভিযোগ, ভোটের আগের রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ রয়েছে। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, ৪০টির বেশি কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে এবং কোথাও কোথাও ভোট গণনার আগেই স্বাক্ষর নেওয়া হয়েছে। কিছু কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া এবং ভোট শুরুর আগেই সিল মারা ব্যালট বই পাওয়ার অভিযোগও তোলেন তিনি।
এছাড়া ১ থেকে ২৯ নম্বর কেন্দ্র পর্যন্ত ঘোষিত মোট ভোটের সঙ্গে প্রিজাইডিং অফিসারদের সরবরাহ করা ফলাফল ও পোস্টাল ভোটের হিসাবে বড় ধরনের অসঙ্গতি রয়েছে বলে তিনি দাবি করেন। সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও এ ক্ষেত্রে তা পালিত হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানালেও প্রতিকার না পেয়ে তিনি এবার আরপিও’র ৯১এ ধারা অনুযায়ী ফলাফল স্থগিত এবং উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদন করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে