স্টারলিংককে টেক্কা দিতে আমাজনের প্রথম ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ
আমাজনের প্রথম ব্যাচের ইন্টারনেট স্যাটেলাইট মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের আটলাস ভি রকেটের মাধ্যমে ২৭টি প্রজেক্ট কুইপার স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়েছে।
এটি মূলত ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে টেক্কা দিতে নতুন প্রতিযোগী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। বর্তমানে কয়েক হাজার স্যাটেলাইট নিয়ে আধিপত্য বিস্তার করে চলছে স্টারলিংক।
প্রজেক্ট কাইপার স্যাটেলাইটগুলো নেপচুনের বাইরের শীতল সৌরজগতের কাইপার বেল্টের নামে নামকরণ করা হয়েছে। এগুলো এক সময় পৃথিবীর ৬৩০ কিলোমিটার (প্রায় ৪০০ মাইল) উচ্চতায় কক্ষপথে পৌঁছাবে।
২০২৩ সালে আমাজন দুটি পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল, যা এটলাস ভি রকেটের মাধ্যমেই মহাকাশে গিয়েছিল। তবে প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, নতুন স্যাটেলাইটগুলোতে বড় ধরনের প্রযুক্তিগত উন্নয়ন আনা হয়েছে।
এ ছাড়াও জ্যোতির্বিজ্ঞানীদের সুবিধার্থে এই স্যাটেলাইটগুলোতে বিশেষ একটি ফিল্ম ব্যবহার করা হয়েছে, যা প্রতিফলিত সূর্যের আলো ছড়িয়ে দেয়।
কম কক্ষপথে দ্রুত সংযোজিত হওয়া এই ধরনের বিশাল স্যাটেলাইট সমষ্টি নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা উদ্বিগ্ন। তারা বলছেন, এগুলো আকাশ পর্যবেক্ষণে সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া অনেকে ভবিষ্যতে স্যাটেলাইট সংঘর্ষের আশঙ্কা করছেন।
আগামীতে ৩,২০০টিরও বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে চায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যিনি বর্তমানে নিজস্ব রকেট কোম্পানি ব্লু অরিজিন পরিচালনা করছেন।
অন্যদিকে ২০১৯ সাল থেকে ৮,০০০টিরও বেশি স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের স্পেসএক্স । প্রতিষ্ঠানটি রবিবার রাতে ২৫০তম স্টারলিংক উৎক্ষেপণ সম্পন্ন করে। বর্তমানে ৭,০০০টিরও বেশি স্টারলিংক স্যাটেলাইট পৃথিবীর ৫৫০ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে অবস্থান করছে।
এদিকে কক্ষপথে কয়েক শ স্যাটেলাইট যুক্ত করেছে ইউরোপ-ভিত্তিক ওয়ানওয়েব স্যাটেলাইট কনস্টেলেশন। সেগুলো আরও উচ্চ কক্ষপথে অবস্থান করছে।
আমাজন ইতোমধ্যে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের আটলাস এবং ব্লু অরিজিনের পাশাপাশি আরও কয়েকটি কোম্পানির সাথে রকেট উৎক্ষেপণের চুক্তি করেছে।
প্রজেক্ট কুইপারের ভাইস প্রেসিডেন্ট রাজীব বাডিয়াল বলেছেন, ‘কিছু বিষয় রয়েছে, যা শুধুমাত্র মহাকাশে পাঠিয়েই শেখা যায়। যদিও আমরা বিস্তৃত পরীক্ষা চালিয়েছি।"
তিনি আরও বলেন, ‘মিশনের ফলাফল যেমনই হোক না কেন, এটি আমাদের যাত্রার মাত্র শুরু।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে