Views Bangladesh Logo

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১ হাজার

ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির দাম ও শিক্ষা খাতের নানা সমস্যার প্রতিবাদে চলমান বিক্ষোভে প্রায় ১ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) দিনভর বেশির ভাগ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও রাতে প্যারিসসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ ব্যবহার করে। মার্সেইয়ে কয়েকটি স্থানে ব্যারিকেডে আগুন দেওয়া হয়। বোর্দো ও লিয়ঁ শহরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবারের বিক্ষোভে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৮ লাখ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন। বিক্ষোভে সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে, ফ্রান্সের পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি শহরে বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। আলবেনিয়ার রাজধানী তিরানা, বেলজিয়ামের ব্রাসেলস এবং ইতালির মিলানেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ফ্রান্সের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্য অনুযায়ী, দেশজুড়ে ২ হাজারের বেশি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটির হিসাবে, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশ মিলিয়ন ইউরো।

জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বৃদ্ধি, করের চাপ এবং শিক্ষা খাতের সমস্যা নিয়ে কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সে অসন্তোষ বাড়ছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে চলমান বিক্ষোভ দেশটির রাজনৈতিক অঙ্গনেও চাপ তৈরি করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ