কারাগারে সালাউদ্দিন তানভীরকে নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’: কারা কর্তৃপক্ষ
এনসিপি থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে শারীরিক বা মানসিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে কারা কর্তৃপক্ষ। তাদের দাবি, এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই এবং বগুড়া ও ঢাকা কারাগারে অবস্থানকালে তানভীরের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ করা হয়নি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বগুড়া জেলা কারাগার কর্তৃপক্ষের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এতে বলা হয়, গত ৫ আগস্ট বগুড়া জেলা কারাগারে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তানভীরকে কারা হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তানভীর। শারীরিক অসুস্থতার কারণে স্ট্রেচারে করে সেখানে আসা এই সাবেক এনসিপি নেতা দাবি করেন, পুলিশ হেফাজত ও কারাগারে থাকাকালে তার ওপর ‘চরম নির্যাতন’ চালানো হয়েছে। তার শরীরে ৭০ থেকে ৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
কারা কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, তানভীর অসুস্থ হয়ে পড়ার পর তাকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৭ সেপ্টেম্বর ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। এরপর ১৫ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে জামিনে মুক্তি পান তিনি।
তানভীরের অভিযোগের বিষয়ে কারা কর্তৃপক্ষ বলেছে, বগুড়া জেলা কারাগার কিংবা ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে তার ওপর শারীরিক বা মানসিক কোনো নির্যাতন চালানো হয়নি। এমনকি কোনো কারা কর্মকর্তা বা কর্মচারী তার সঙ্গে অসদাচরণ করেছেন, এমন অভিযোগও সঠিক নয় বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া কারাগারে আটক কোনো বন্দিকে রাতে বাইরে নিয়ে গিয়ে ভোরে আবার ফিরিয়ে আনার ঘটনাও বগুড়া জেলা কারাগারে ঘটেনি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তানভীর সংবাদ সম্মেলনে কারাগারে আটক আওয়ামী লীগের নেতাদের এ ধরনের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন।
কারা কর্তৃপক্ষ বলেছে, যাচাই ছাড়া এ ধরনের বক্তব্য প্রচার হলে কারা বিভাগ সম্পর্কে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে তানভীরের অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ, নথি, ভিডিও, অডিও, সাক্ষ্য বা অন্য কোনো নির্ভরযোগ্য তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
মতামত দিন