জোটের প্রার্থীর বিরুদ্ধে ‘গাদ্দারির’ অভিযোগ সারোয়ার তুষারের
নরসিংদী-২ আসনে জোটের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে ‘গাদ্দারি’র অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
নিজ ফেসবুক পোস্টে তিনি নরসিংদী-২ আসনে ধানের শীষ, দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকের প্রার্থীদের প্রাপ্ত ভোটের হিসাব তুলে ধরে দাবি করেন, জামায়াত প্রার্থী জোটের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ না করায় ফলাফল প্রভাবিত হয়েছে।
সারোয়ার তুষার লেখেন, ‘নরসিংদী-২ আসনের জামায়াত প্রার্থী জোটের বিরুদ্ধে গাদ্দারি না করলে এবং জামায়াতের তৃণমূল জোটের পক্ষে অবিভক্তভাবে পূর্ণ সহযোগিতাসহ কাজ করতে পারলে এগারো দলীয় জোট অন্তত ১০ থেকে ১৫ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করত।’
তিনি আরও বলেন, ‘ভোটাররা যখন দেখেছে পলাশে জোট কার্যকরভাবে কাজ করছে না, তখন আমাদের ভোটারদের একটি অংশ ধানের শীষে ভোট দিয়েছে। পাশাপাশি দিনভর কেন্দ্রে কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টা এবং এগারো দলীয় জোটের নিষ্ক্রিয়তা ভোটের মাঠকে প্রভাবিত করেছে।’
জামায়াত প্রার্থীর ‘গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে’ উল্লেখ করে তুষার বলেন, ‘এই নির্বাচন আমাকে ধানের শীষ ও দাঁড়িপাল্লার বিরুদ্ধে একযোগে লড়তে হয়েছে। ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এই আসনের ফলাফল বাংলাদেশকে বিস্মিত ও উদ্বেলিত করত।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে