Views Bangladesh Logo

মোহাম্মদপুরে অফিসে হামলা-ভাঙচুর, টাকা ও সরঞ্জাম লুটের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার চাঁদ উদ্যান হাউজিংয়ে একটি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জয়নাল আবেদিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জয়নাল আবেদিন বলেন, শনিবার সকাল ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তি মোহাম্মদপুর টুইন টাওয়ারের দ্বিতীয় তলায় তাদের অফিসে অনধিকার প্রবেশ করেন। তারা অফিসের দরজা, তালা ও জানালা ভাঙচুর করে ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষ ও স্টোররুমে তল্লাশি চালান।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা অফিস থেকে নগদ ১৫ লাখ টাকা, পাঁচটি ল্যাপটপ, দুটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, তিনটি সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন আসবাবপত্র ও সরঞ্জাম ট্রাকে করে নিয়ে যান।

জয়নাল আবেদিন অভিযোগ করেন, কয়েক দিন ধরে মোস্তাকের রহমান খোকন চৌধুরী, মহিন, প্রিন্স ও আলামিন স্থানীয় কয়েকজনের সহায়তায় তাদের অফিস দখলের চেষ্টা করে আসছিলেন। হামলা ও লুটপাটের ঘটনায় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও তথ্য হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে পুলিশ বলছে, ঘটনাটি মূলত একটি জমির দখল নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঘটেছে।

তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানান, বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানের রোজ ভিলার সংলগ্ন একটি জমিতে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে আলম নামে একজন ওই জমির দখলে ছিলেন। শনিবার জনি ও রেজাউলের নেতৃত্বে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন লোক বেআইনিভাবে জমিতে প্রবেশ করে টিনের বেড়া ভেঙে ফেলেন। পরে তারা ভেতরে ঢুকে অফিসে ভাঙচুর চালান এবং সীমানায় নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, জমিটির মালিকানা নিয়ে উভয় পক্ষই নিজ নিজ কাগজপত্র থাকার দাবি করছে। বিষয়টি নিয়ে পুলিশ তথ্য সংগ্রহ করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ