এক উপজেলায় এনসিপির সব নেতাকর্মীর ‘গণপদত্যাগ’
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির আহ্বায়কসহ সব নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। সোমবার বিকালে অনুষ্ঠিত এক বিশেষ সভার মাধ্যমে এনসিপির ৮৭ জন কর্মী এই গণপদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটিকে প্রেরণ করা হয়।
রাঙামাটি জেলা কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসীম চাকমা মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা বলেন, ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলা কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আমরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করার মাধ্যমে এনসিপি স্বকীয়তা ও আদর্শ থেকে সরে গেছে। এই কারণে দলটির বর্তমান অবস্থান আমাদের আদর্শের সঙ্গে মিলে না। তাই আমরা সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছি।
অসীম চাকমা আরও উল্লেখ করেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের পক্ষে সেই আদর্শকে লালন করা আর সম্ভব হচ্ছে না। তাই আমরা জাতীয় নাগরিক পার্টি রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা আহ্বায়কসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করছি।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে