Views Bangladesh Logo

সব অপকর্ম ও হত্যার বিচার হবে: রিজভী

বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে এই সরকারের সব আমলের অপকর্ম ও হত্যার বিচার করা হবে।

তিনি বলেন, ১৯৭২ থেকে ’৭৫ সালে আওয়ামী সরকারের আমলে সিরাজ সিকদারসহ জাসদ ও বিরোধীদলের ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। বর্তমান সরকারের আমলে বিএনপি'র অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে এই সরকারের সব আমলের অপকর্ম ও হত্যার বিচার করা হবে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

বর্তমান 'ডামি সরকারের' আমলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং হত্যা-ধর্ষণ বৃদ্ধির প্রতিবাদে 'মানুষ বাঁচাও, দেশ বাঁচাও' ব্যানারে লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
লিফলেটে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

রিজভী বলেন, "শেখ হাসিনা বলেছেন জিয়াউর রহমানের সময় নাকি সেনাবাহিনীর অফিসারদের দমন করা হয়েছে, অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করলে তো সেখানে বিচার হবেই। জিয়াউর রহমান তো আইনি প্রক্রিয়ায় বিচার করেছেন, সেনা আইনে তাদের বিচার হয়েছে। আর আপনি সামরিক কর্মকর্তাদের গায়েব করে দিয়েছেন। আজকে ব্রিগেডিয়ার জেনারেল আজমী কোথাও? তিনি কি গায়েব হননি। আপনার সরকারের সময় তিনিসহ অনেকে গায়েব হয়েছেন।"

তিনি আরও বলেন, “৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে আছে, আন্দোলনে আছে। গোটা জাতি ঐক্যবদ্ধ। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটানো হবে ইনশাল্লাহ।”

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদ হোসেন, যুবদলের মেহেবুব মাসুম শান্ত, বিএনপি নেতা আরিফা সুলতানা রুমা, ছাত্রদলের ডা. আউয়াল প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ