Views Bangladesh Logo

ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি বুধবার, বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির দিন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ বিষয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে চলতি ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে।

এর আগে চলতি বছরের সরকারি ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হয়েছিল। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর দিবসটি ২৩ সেপ্টেম্বর পালিত হবে। এ কারণে আগের নির্ধারিত ছুটির তারিখ পরিবর্তন করে এক দিন এগিয়ে আনা হয়েছে।

সংশোধিত সূচি অনুযায়ী, বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। বৃহস্পতিবার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে নিয়মিত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে হবে।

তবে এর পরদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটির সুযোগ তৈরি হতে পারে। কোনো প্রতিষ্ঠান চাইলে প্রধানের সংরক্ষিত ছুটি বা ‘হেডমাস্টার্স ডিসক্রেশনারি লিভ’ ব্যবহার করে বৃহস্পতিবারও ছুটি দিতে পারে। সেক্ষেত্রে বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা চার দিন ছুটি পাবেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

তবে বৃহস্পতিবারের ছুটি স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য নয়। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ প্রধানের সংরক্ষিত ছুটি ব্যবহারের সিদ্ধান্ত নিলে তবেই ওই দিন ছুটি কার্যকর হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ