Views Bangladesh Logo

ভারতে সিজেপি আন্দোলনকারীদের সব মামলা প্রত্যাহার, ৫ সেপ্টেম্বরের মিছিল বাতিল

ভারতে নিট প্রশ্নপত্র ফাঁস ও কারচুপির অভিযোগ ঘিরে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের পর আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে ঘোষিত প্রতিবাদ মিছিল বাতিলের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

গত ২০ থেকে ২৫ জুলাই নিট কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ওই সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। ২০ জুলাই দিল্লিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে সংসদ অভিযানের কর্মসূচিও পালন করে সিজেপি। কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা দিল্লিতে জড়ো হন।

সংসদ অভিযানের সময় দিল্লি পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। এমনকি পেলেট গান ব্যবহারের অভিযোগও আসে। পরে দিল্লির পাশাপাশি আসাম, বিহার, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়।

আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের শর্তে এর আগে যন্তর মন্তরের কর্মসূচি প্রত্যাহার করেছিল সিজেপি। কেন্দ্রীয় সরকারও লিখিতভাবে সেই শর্ত মেনে নেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বহু মামলা প্রত্যাহার না হওয়ায় ফের আন্দোলনের ঘোষণা দেয় সংগঠনটি। আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে বড় ধরনের প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন সিজেপির নেতা অভিজিৎ দীপকসহ অন্যরা।

এ নিয়ে দায়ের হওয়া মামলায় দিল্লি পুলিশসহ আসাম, বিহার, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের পুলিশও আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আবেদন জানায়। পশ্চিমবঙ্গ পুলিশ আটটি মামলা প্রত্যাহারের আবেদন করেছিল। শুনানি শেষে সুপ্রিম কোর্ট ২০ থেকে ২৫ জুলাইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের নির্দেশ দেন। একই সময়ের বিক্ষোভকে কেন্দ্র করে নতুন করে কোনো মামলা না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

তবে দিল্লি পুলিশের চিহ্নিত ২ হাজার ৮৭৩ জন আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা চলবে। পুলিশের দাবি, এসব ব্যক্তির বিরুদ্ধে আগেও অপরাধের মামলা রয়েছে। এদিকে নিট কেলেঙ্কারির পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়েও কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিতে বলা হয়েছে। এ প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্র তিন মাস সময় চেয়েছে এবং সুপ্রিম কোর্ট সেই সময় মঞ্জুর করেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ