বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের ধন্যবাদ জানালেন আলিসন ও ক্যাসেমিরো
মাঠের ফুটবলে জাপানের বিপক্ষে নাটকীয় জয়ের পর বাংলাদেশি সমর্থকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ব্রাজিল দলের ফুটবলাররা। সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে পিছিয়ে পড়েও জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ (নকআউট পর্ব) নিশ্চিত করে সেলেসাওরা। ম্যাচ শেষে বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রাজিলিয়ান তারকারা।
টাইম জোনের পার্থক্যের কারণে বাংলাদেশে যখন গভীর রাত, তখনও হাজারো মাইল দূরে প্রিয় দলের খেলা দেখার জন্য জেগে ছিলেন সমর্থকেরা। ব্রাজিলের নাটকীয় জয়ের পর দেশের রাজপথে মধ্যরাতেই শুরু হয় উল্লাস। বাংলাদেশি সমর্থকদের এই নিঃশর্ত ভালোবাসার কথা স্বীকার করেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার এবং অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো।
ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকরা যখন নিজেদেরকে বাংলাদেশি বলে পরিচয় দেন, তখন লিভারপুলের এই তারকা গোলরক্ষক আলিসন মুখে চওড়া হাসি নিয়ে বুড়ো আঙুল উঁচিয়ে (থাম্বস-আপ) সম্মতি জানান। উচ্ছ্বসিত আলিসন বলেন, ‘হ্যাঁ, আমি ভিডিওগুলো দেখেছি। আমাদেরকে সমর্থন করার জন্য বাংলাদেশের সব মানুষকে ধন্যবাদ জানাতে চাই। আমরা ব্রাজিলিয়ানরাও আপনাদের খুব ভালোবাসি। আপনাকে ধন্যবাদ, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।’
এদিকে ম্যাচে ব্রাজিলের হয়ে সমতাসূচক গোল করে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হওয়া মিডফিল্ডার ক্যাসেমিরোও বাংলাদেশি সমর্থকদের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘আমাদেরকে সমর্থন করার জন্য বাংলাদেশকে অনেক ধন্যবাদ।’
হিউস্টনের এই হাইভোল্টেজ ম্যাচে ২৯তম মিনিটে জাপানের কাইশু সানোর গোলে পিছিয়ে পড়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ম্যাচের ৫৪তম মিনিটে দলের পক্ষে সমতাসূচক গোলটি করেন ক্যাসেমিরো। এরপর নির্ধারিত সময়ের খেলা শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে (৯৬ মিনিট) গ্যাব্রিয়েল মার্টিনেল্লির চমৎকার গোল ব্রাজিলকে উল্লাসে ভাসায় এবং জাপানের প্রতিরোধ ভেঙে শেষ ১৬-র টিকিট এনে দেয়।
মতামত দিন