আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে ফিফায় আলজেরিয়ার অভিযোগ
বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে পরাজয়ের পর ম্যাচের রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে আলজেরিয়া। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, আলজেরিয়া ফুটবল ফেডারেশন ফিফার রেফারিং কমিশনে একটি চিঠি পাঠিয়েছে।
চিঠিতে ম্যাচের একাধিক বিতর্কিত ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে প্রথমার্ধে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির একটি চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন তুলেছে আলজেরিয়া। তাদের দাবি, মেসি পেছন থেকে আলজেরিয়ার অধিনায়ক ঈসা মান্দির পায়ের পেশিতে আঘাত করলেও রেফারি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি।
আলজেরিয়ার অভিযোগে আরও বলা হয়, এই ঘটনার পর ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কনুই দিয়ে আলজেরিয়ান খেলোয়াড় ইব্রাহিম মাজার মুখে আঘাত করেন। তবে পোল্যান্ডের রেফারি সাইমন মারচিনিয়াক ঘটনাটি উপেক্ষা করেছেন বলে দাবি তাদের।
কাতার বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করা অভিজ্ঞ এই রেফারির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছে আলজেরিয়া। তাদের মতে, মাঠের খুব কাছাকাছি অবস্থান করেও ভিএআর টিম যথাযথভাবে হস্তক্ষেপ করেনি।
এদিকে ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার ঝড় উঠেছে। অনেক ফুটবলপ্রেমী প্রশ্ন তুলছেন, তারকা খেলোয়াড় হিসেবে মেসি কি বিশেষ সুবিধা পেয়েছেন কি না।
ঘটনাটি নিয়ে মত দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুসও। তিনি দাবি করেন, শৃঙ্খলাজনিত সিদ্ধান্তে ভিন্নতা রয়েছে এবং কিছু ঘটনায় অতিরিক্ত কঠোর শাস্তি দেওয়া হচ্ছে, যেখানে অন্য ক্ষেত্রে তা দেখা যাচ্ছে না।
ফিফার পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
মতামত দিন